ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ক্লিও স্মিথকে নিখোঁজের ১৮ দিন পর জীবিত উদ্ধার

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ দিন পর অস্ট্রেলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুটির নাম ক্লিও স্মিথ। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার একটি তালাবন্ধ ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।


বুধবার (৩ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যম ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, চার বছর বয়সী শিশু ক্লিও স্মিথের নিখোঁজ হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে জায়গা করে নেয়। এরপর তা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।


বিবিসি নিউজ বলছে, অস্ট্রেলিয়ার কারনারভান শহরে পারিবারিক ভ্রমণের সময় গত ১৬ অক্টোবর তাঁবু থেকে নিখোঁজ হয় চার বছর বয়সী ওই শিশু। নিখোঁজ হওয়ার পর ক্লিও স্মিথ অপহরণের শিকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল।


পরবর্তীকালে স্মিথকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে অস্ট্রেলীয় পুলিশ। এমনকি তাকে খুঁজে দিতে বা তার সম্পর্কে যে কোনো তথ্য দিলে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণাটি করা হয়।


এরপর মঙ্গলবার তাকে দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকার একটি তালাবন্ধ ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে কারনারভান থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়।


বুধবার বিবৃতির মাধ্যমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ডেপুটি কমিশনার কল ব্লানচ বলেছেন, উপকূলবর্তী এলাকা কারনারভান থেকে শিশু ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়েছে। সেখানকার তালাবন্ধ একটি বাড়ির দরজা ভেঙে গোপন একটি কক্ষ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে সকালে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।


তিনি আরও বলেন, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। উদ্ধারের পরপরই ক্লিও স্মিথকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়।


উল্লেখ্য, সন্তানকে ফিরে পেয়ে ভীষণই আনন্দিত ক্লিওর পরিবার। শিশুটির মা এলি স্মিথ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন, আমরা পুরো পরিবার আবার একসঙ্গে হতে পেরেছি।

ads
ads
ads

Our Facebook Page

↑